আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে চালকের আসনে বাংলাদেশ। এর মধ্যে ব্যক্তিগত এক মাইলফলকও স্পর্শ করলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসের পর ফিফটি পেয়েছেন দ্বিতীয় ইনিংসেও। যাতে আন্তর্জাতিক ক্রিকেটে নয় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন লিটন। এদিকে, আফগানদের বিপক্ষে বাংলাদেশের লিড বড় থেকে বিশাল হচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশের লিড গিয়ে দাঁড়িয়েছে সাড়ে চারশর কাছে।
টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৩৩৭/৬। প্রথম ইনিংসে ফিফটি পাওয়া লিটন দাস দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত। মেহেদি হাসান মিরাজ তার সঙ্গে ৩১ রানে অপরাজিত।
এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৮ রান পূর্ণ করতেই ৯ হাজারের ঘরে পৌঁছে যান ডানহাতি ব্যাটার। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন লিটন। তাঁর আগে এই কীর্তি আছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান ২৪০ রানে গুটিয়ে গেলে ১০৬ রানের লিড পায় সফরকারীরা। এরপর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর ৮২ ও মুশফিকুর রহিমের ৮১ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। দুজনই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও থেমেছেন আশির ঘরে।
চতুর্থ দিনে লিটন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে লিড আরও বেড়েছে। টেস্টের এখনো যেহেতু পাঁচ সেশন খেলা বাকি সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চয় আরও লিড বাড়াতে চাইবে সেই সঙ্গে লিটনকে সেঞ্চুরির সুযোগও হয়ত দিতে চাইবে।





