
বুয়েনস আইরেস, ২২ জুলাই – ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিতর্কিত ফকল্যান্ড ব্যানার প্রদর্শনের জেরে বড় বিপাকে পড়েছেন আর্জেন্টিনার তিন প্রিমিয়ার লিগ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরো এবং চেলসির মিডফিল্ডার এনসো ফার্নান্দেসের যুক্তরাজ্যের ওয়ার্ক ভিসা বাতিলের দাবি উঠেছে।
যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তিন ফুটবলারের ভিসা বাতিলের আইনি দিকগুলো বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টাইন ফুটবলাররা মাঠে একটি ব্যানার প্রদর্শন করেন।
সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল লা মালভিনাস সন আর্জেন্টিনাস, যার অর্থ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের সংবেদনশীলতার কারণে এই ঘটনাটি যুক্তরাজ্যে তীব্র ক্ষোভ ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা নাইল গার্ডিনার এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। তিনি মনে করেন, যুক্তরাজ্যবিরোধী এই অমার্জিত প্রদর্শনীতে অংশ নেওয়া ফুটবলারদের ওয়ার্ক ভিসা অবিলম্বে বাতিল করা উচিত। তিনি এই ধরনের রাজনৈতিক উসকানির ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানান।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং বাণিজ্যমন্ত্রী পিটার কাইল ফুটবল মাঠে এমন রাজনৈতিক বার্তা প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তারা ফিফাকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তাদের স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচের অফিশিয়াল রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে।
ফিফার নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র এই ঘটনার কারণে ফুটবলারদের ভিসা বাতিল করা আইনিভাবে বেশ জটিল। তবুও নতুন মৌসুম শুরুর আগে এই বিতর্ক সংশ্লিষ্ট ক্লাবগুলোর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।
এস এম/ ২২ জুলাই ২০২৬






