
বুয়েনস আইরেস, ২২ জুলাই – বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবারের মতো নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার কিছুক্ষণ পরই স্পেনের জয়সূচক গোলটি আসে।
শিরোপা হারানোর চরম হতাশার মাঝেও দল, সমর্থক এবং জাতীয় দলের জার্সির প্রতি নিজের গভীর ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন চেলসির এই তারকা ফুটবলার। নিউ ইয়র্ক ও নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে পরাজিত হয় আর্জেন্টিনা।
ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন এনজো। প্রথমে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় তিনি হলুদ কার্ড পান এবং পরবর্তীতে ইনজুরি সময়ে স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে লাল কার্ড পান তিনি।
ফাইনালের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় এনজো উল্লেখ করেন যে, শুধুমাত্র একটি ম্যাচ বা ফলাফল দিয়ে কোনো দলের দীর্ঘদিনের অর্জনকে বিচার করা সঠিক নয়। তিনি বলেন, সময়ের সঙ্গে উপলব্ধি করা যায় যে শুধুমাত্র জয়ই সবকিছু নয়। এই দলটি দীর্ঘ সময় ধরে দেশের প্রতিনিধিত্ব করে আসছে।
প্রতিযোগিতা মানে কেবল জয় নয়, বরং নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া এবং শেষ পর্যন্ত হাল না ছেড়ে লড়াই করা। জাতীয় দলের অংশ হওয়াকে নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এনজো বলেন, সারা বিশ্বজুড়ে ভক্তরা তাদের যে পরিমাণ সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তা অতুলনীয়। যেখানেই খেলেছেন, ভক্তদের কারণে নিজেদের ঘরের মাঠের মতো মনে হয়েছে।
লাল কার্ডের আক্ষেপ ও হারের যন্ত্রণা থাকলেও দেশের জন্য লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার। ভবিষ্যতে যখনই সুযোগ পাবেন, জাতীয় দলের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এস এম/ ২২ জুলাই ২০২৬







