এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাগেরহাটে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য বিভাগের মতে, টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং জনসচেতনতার ঘাটতির কারণে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অভিজিৎ মল্লিক জানান, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে ৪ শতাধিক ডেঙ্গু রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলার সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আক্রান্তদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।





