
মাদ্রিদ, ১৮ জুলাই – দীর্ঘ ১৬ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের হাতছানি স্পেনের সামনে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।
ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার কথা রয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের। তবে গ্যালারিতে বসে উত্তরসূরিদের লড়াই দেখার ইচ্ছা পূরণ হচ্ছে না ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্প্যানিশ ডিফেন্ডার জোয়ান ক্যাপদভিলার।
যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি বা ট্রাভেল পারমিট না পাওয়ায় দেশটিতে প্রবেশ করতে পারছেন না ৪৮ বছর বয়সী এই সাবেক তারকা। এই সমস্যা নিরসনে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য প্রার্থনা করেছেন।
২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ক্যাপদেভিলা তার সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলনী এবং দেশের দ্বিতীয় ফাইনাল দেখার আশায় ছিলেন। ভিসা ছাড়া ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন বা ইএসটিএ-র মাধ্যমে আবেদন করতে হয়।
ক্যাপদভিলা জানিয়েছেন, তার সেই আবেদনটি কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি লিখেন, সন্তানদের নিয়ে ফাইনাল ম্যাচ দেখার ইচ্ছা থাকলেও ভিসা না পাওয়ায় তিনি যেতে পারছেন না।
ভিয়ারিয়াল ও দেপোর্তিভোর সাবেক এই রক্ষণভাগের খেলোয়াড় বর্তমান দলের সদস্যদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত হওয়ার জন্য উদগ্রীব ছিলেন। ক্যাপদভিলা তার পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্প্যানিশ রেডিও স্টেশন কোপ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ধারণা প্রকাশ করেন যে, ২০১৬ সালে ইরানে একটি প্রীতি ম্যাচ খেলার কারণেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
সে সময় তিনি লা লিগা লিজেন্ডস দলের হয়ে তেহরানে একটি ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় ক্যাপদভিলাই প্রথম নন। এর আগে সোমালি রেফারি ওমর আরতানকেও দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এস এম/ ১৮ জুলাই ২০২৬






