না ফেরার দেশে আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

না ফেরার দেশে আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

আফগানিস্তান ক্রিকেটে দুঃসংবাদ। দেশটির সাবেক তারকা ফাস্ট বোলার শাপুর জাদরান আর নেই। বিরল রক্তজনিত রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ আক্রান্ত হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঘামাই জাদরান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছিল। কয়েক মাস চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর জাদরান। ২০০৯ সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জাদরানের। অভিষেকের পর থেকেই আফগান দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

ক্যারিয়ারে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুই সংস্করণ মিলিয়ে তার শিকার ৮০টি উইকেট। গতি, আগ্রাসন এবং লড়াকু মানসিকতার জন্য তিনি সমর্থকদের কাছে ছিলেন পরিচিত মুখ।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল তার ক্যারিয়ারের সেরা আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ১০টি উইকেট নিয়ে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হন তিনি। এছাড়া ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে টানা চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন।

বাংলাদেশের বিপক্ষেও একাধিকবার মাঠে নেমেছিলেন শাপুর। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও অংশ নিয়েছিলেন এই পেসার।

জাদরানের মৃত্যুতে এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মাঠে সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা অনেক মানুষকে আশা জুগিয়েছিল। তিনি একটি পুরো প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে উৎসাহ দিয়েছিলেন।’

Scroll to Top