
ব্রাসেলস, ৩০ জুন – দীর্ঘ ১৭ বছর পর একই মঞ্চে ফেরার অপেক্ষা ছিল তুঙ্গে। কিন্তু প্রকৃতির বৈরী আচরণে শেষ মুহূর্তে ভেস্তে গেল সেই আয়োজন। দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট।
বেলজিয়ামের ঐতিহ্যবাহী রক ভারখটার উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় সরকারি নির্দেশনার ভিত্তিতে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করে আয়োজকরা।
কনসার্ট বাতিলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় কেটি পেরি জানান, অনুষ্ঠান বাতিলের খবর তিনি পেয়েছেন মঞ্চে ওঠার ঠিক আগে যখন তিনি ব্যাকস্টেজে প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, দর্শকদের মতো তিনিও এই সিদ্ধান্তে ভীষণ হতাশ।
তবে প্রায় ৫৫ হাজার দর্শকের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা কারও নেই কিন্তু ভক্তদের সঙ্গে গান গাইতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান। দীর্ঘ ১৭ বছর পর রক ভারখটার উৎসবে ফের পারফর্ম করার কথা ছিল কেটি পেরির।
এর আগে তিনি সর্বশেষ ২০০৯ সালে এই মঞ্চে গান পরিবেশন করেছিলেন। ফলে এবারের আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে র্যাপার ও গায়ক পিটবুলের পরিবেশনার পরপরই পুরো উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
ওই দিনের লাইনআপে পিটবুল ছাড়াও মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার এবং এমি ডি’আর্কের পারফর্ম করার কথা ছিল। আয়োজকদের ভাষ্য, দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস এম/ ৩০ জুন ২০২৬







