সেনেগালের সঙ্গে অন্যায় হয়েছে?

সেনেগালের সঙ্গে অন্যায় হয়েছে?

ম্যাচের শেষ বাঁশি যেকোনো সময় বাজবে। টাইব্রেকারের পেনাল্টি শুটআউটের জন্য যখন দুই দলের খেলোয়াড়েরা মানসিক প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই এলো সেই নাটকীয় মুহূর্ত। ভিএআর মনিটরের সামনে দাঁড়িয়ে বেশ দীর্ঘ সময় ইতস্তত করে রেফারি অবশেষে পেনাল্টির বাঁশি বাজালেন। সেনেগালের খেলোয়াড়েরা সবাই হতবাক! ইউরি তিলেমান্সের সেই পেনাল্টি গোলে শেষ ষোলো নিশ্চিত করে বেলজিয়াম।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে সেনেগালের এই বিদায়কে ছাপিয়ে এখন ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন- ল্যামিন কামারার সেই চ্যালেঞ্জ কি আদেও পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল? নাকি নকআউটের মতো বড় মঞ্চে সেনেগালের সঙ্গে প্রতারণা করা হলো? ম্যাচ শেষে ফুটবল পণ্ডিত ও সাবেক তারকাদের বিশ্লেষণ কিন্তু রেফারির সিদ্ধান্তের বিপক্ষেই কথা বলছে।

আইটিভির স্টুডিওতে ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল সোজাসাপ্টা বলে দিয়েছেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না।’

তার সাথে সুর মিলিয়েছেন আয়ারল্যান্ডের সাবেক কিংবদন্তি অধিনায়ক রয় কিন। রেফারির দীর্ঘ সময় নেওয়া এবং সিদ্ধান্তহীনতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তটি বড্ড কঠোর ছিল। তাছাড়া রেফারি স্ক্রিনের সামনে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নষ্ট করেছেন। একজন রেফারির সিদ্ধান্তে দৃঢ়তা থাকা উচিত। কিন্তু তিনি অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।’

খেলার মাঠে কামারার সাথে তিলেমান্সের হালকা শরীরী সংঘর্ষ হয়েছিল ঠিকই, কিন্তু নকআউটের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তা পেনাল্টি দেওয়ার মতো গুরুতর অপরাধ ছিল কি না, তা নিয়ে বিতর্ক অন্তহীন। সাবেক ইংলিশ স্ট্রাইকার ডিওন ডাবলিনের মতে, ‘ফুটবল মাঝে মাঝে সত্যিই নিষ্ঠুর।’

সেনেগালিজদের জন্য এই ক্ষত আরও বেশি পুড়ছে কারণ চলতি বছরের শুরুতেই আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে মরক্কোর বিপক্ষেও ঠিক একইভাবে যোগ করা সময়ে ভিএআরের বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল তাদের। সেবার ক্ষোভে দল নিয়ে মাঠ ছেড়েছিলেন কোচ পাপে থিয়াও। এবার মাঠ না ছাড়লেও কান্নাভেজা চোখে বিদায় নিতে হয়েছে তাদের।

ম্যাচ শেষে সেনেগাল কোচ পাপে থিয়াও নিজের ক্ষোভ চেপে রেখেই বলেন, ‘আমরা বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, এটা ভীষণ কষ্টের। দুর্ভাগ্যবশত আমরা দুই গোলের লিড ধরে রাখতে পারিনি। তবে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। এটাই ফুটবল।’

ফুটবলের নিয়ম মেনে ম্যাচটি হয়তো বেলজিয়াম জিতেছে, আর তিলেমান্স গড়েছেন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দেরিতে (১২৫ মিনিট) গোল করার রেকর্ড। তবে ফুটবল ইতিহাসে ম্যাচটি বারবার আলোচিত হবে ১২৫ মিনিটের সেই পেনাল্টির জন্য।

Scroll to Top