
প্রায়া, ১ জুলাই – চলতি বিশ্বকাপে বিস্ময় জাগানো পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকার ক্ষুদ্র দেশ কেপ ভার্দে। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস মনে করেন, নকআউট পর্বের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে তাদের দল রূপকথার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হবে।
মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বমঞ্চে পা রেখেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র এবং শক্তিশালী উরুগুয়ের সাথে দুই দুই গোলে লড়াই করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে কেপ ভার্দে।
শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ড্র করে রানার্সআপ হিসেবে শেষ ষোলর টিকিট নিশ্চিত করে তারা। ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। গ্রুপ পর্বে সব ম্যাচ জেতা আলবিসেলেস্তেদের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি।
দলের আটটি গোলের মধ্যে ছয়টিই এসেছে তার পা থেকে। শক্তির বিচারে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট নেভেস জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে এক শূন্য ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়বে। তিনি আরও জানান যে প্রত্যাশার চাপ কম থাকায় এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষার কারণে যে কোনো ফলাফল সম্ভব। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের শতভাগ সম্ভাবনা আছে বলেই তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এস এম/ ১ জুলাই ২০২৬







