ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়, বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল – DesheBideshe

ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়, বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল – DesheBideshe


ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়, বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল – DesheBideshe

মাদ্রিদ, ১ জুলাই – ২০১৮ এবং ২০২২ সালের মতো ২০২৬ বিশ্বকাপেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ফ্রান্স। আসরে এখন পর্যন্ত কোনো পরাজয় ছাড়াই তারা শেষ ১৬ নিশ্চিত করেছে।

ফুটবল বিশ্লেষকদের অনেকে ফ্রান্সকে ফাইনালের শক্ত দাবিদার মনে করলেও ভিন্ন মত পোষণ করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার মতে, দিদিয়ের দেশামের নেতৃত্বাধীন ফ্রান্স দল বর্তমান স্পেনের চেয়ে মোটেও শ্রেষ্ঠ নয়। উত্তর আমেরিকায় চলমান এই বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত স্পেনই জিতবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

গ্রুপ পর্বে স্পেনের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা থাকলেও ইয়ামাল তার দলের সামর্থ্য নিয়ে শতভাগ নিশ্চিত। এই উইঙ্গারের মতে, দলটি ধীরে ধীরে নিজেদের পূর্ণ ছন্দে ফিরে আসবে এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে হারানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, ফরাসিদের বর্তমান স্পেনের চেয়ে এগিয়ে রাখার কোনো যৌক্তিক কারণ নেই। কোপ এর একটি অনুষ্ঠানে ইয়ামাল বলেন যে, হারানো অসম্ভব এমন কোনো দল বর্তমানে নেই। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ইউরো আসরের পর থেকে তারা আমাদের পরাস্ত করতে পারেনি।

টুর্নামেন্টে কোনো দলকেই ফেভারিট হিসেবে দেখছেন না তিনি। ইয়ামালের লক্ষ্য এখন একটাই এবং তা হলো বিশ্বকাপের ট্রফি জয় করা। মাঠে নিজের দক্ষতার পাশাপাশি মানসিক দৃঢ়তার বার্তাও দিয়েছেন এই তরুণ তুর্কি।

অতীতের কিছু ব্যক্তিগত মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন যে, চোট পাওয়া কিংবা মাকে কাঁদতে দেখে তিনি আবেগপ্রবণ হয়েছেন। তবে বিশ্বকাপ জিতলেও তার চোখে পানি আসবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। মুসলিম হওয়ার কারণে তিনি শরীরে কোনো ট্যাটু করাবেন না বলেও স্পষ্ট করেছেন।

বর্তমানে স্পেনের খেলা নিয়ে কিছুটা সমালোচনা থাকলেও ইয়ামাল মনে করেন নকআউট পর্বের লড়াই হবে একেবারেই ভিন্ন। তার দৃষ্টিতে এখন সুন্দর ফুটবলের চেয়ে জয় পাওয়াটাই সবচেয়ে জরুরি।

স্পেন তাদের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। এই বাধা টপকাতে পারলে সেমিফাইনালে ফ্রান্সের সাথে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তখনই ইয়ামালের এই আত্মবিশ্বাসী বক্তব্যের চূড়ান্ত পরীক্ষা হবে।

এনএন/ ১ জুলাই ২০২৬



Scroll to Top