ফেনীতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে সম্মিলিত ক্রীড়া পরিবারের ব্যানারে প্রচারণায় নেমেছে জেলার ক্রীড়াঙ্গনের সাবেক- বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের নেতৃত্বে ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্যে স্বাক্ষাত করে শহরের মাস্টার পাড়া থেকে প্রচারণা শুরু করে ফেনীর বিভিন্ন ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।
প্রচারণার শোভাযাত্রাটি শহরের মাস্টার পাড়া হয়ে পুরাতন জেল রোড়, দোয়েল চত্বর, খেজুর চত্বর, বড় মসজিদ, প্রেসক্লাব হয়ে ফেনী পৌরসভায় এসে শেষ হয়। এ সময় ঢোল-বাদ্য বাজিয়ে শহরের ব্যবসায়ী পথচারীদের মাঝে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ মিলন, অতিরিক্ত যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সদস্য জাফর উদ্দিন, আবুল কালাম, নূর করিম শিপন, রিয়াজ উদ্দিন রবিন, জাহাঙ্গীর আলম, হাসিনা আক্তার নিঝুম, মঞ্জিলা আক্তার মিমি, ক্রিকেট কোচ আহাদ, ফয়সাল, আসলাম, বাপ্পি, টিটু, জেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম সম্পাদক দিলীপ দাসসহ ক্রীড়ার বিভিন্ন ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও খেলোয়াড়বৃন্দ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জানান, ‘স্মার্ট ফেনী বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে আবার ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। তিনি ফেনী তথা ফেনীর ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য অবদান রেখেছেন। ফেনীর ক্রীড়াখাতকে এগিয়ে নিতে তার কোন বিকল্প নেই।’



