সাউথ কোরিয়ার প্রধান বিরোধী দলের নেয়া লি জায়ে-মিউংকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে একজন হামলাকারী। এই নেতা ২০০২২ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরেছিলেন। ঘটনাস্থল থেকে তার ওপর হামলাকারীকে আটক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, আজ (২ জানুয়ারি) স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাউথ কোরিয়ার দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সময় দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংয়ের ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তিনি এখন বিপদমুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে যান এবং সমর্থক হওয়ার ভান করে তার কাছাকাছি অবস্থান করেন। একপর্যায়ে সেই ব্যক্তি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা ছুরি দিয়ে লি-এর ঘাড়ে আঘাত করেন। এরপর লি ভিড়ের মধ্যেই চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়েন। একজন সাথেসাথেই তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে ধরেন।
এই ঘটনারপর এই শীর্ষ রাজনীতিবিদের শরীর থেকে রক্তপাত হলেও, তিনি জ্ঞান হারাননি।


চিকিৎসকরা জানান, তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করতে হবে। ঘটনার পরপরই এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন সাউথ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।






