ঢাকা: হাওরের টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা এবং একটি স্বতন্ত্র হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সুনামগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, হাওরের উন্নয়নের সঙ্গে আমাদের জাতির স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাদ্য নিরাপত্তা রক্ষায় হাওরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, হাওরের অন্যতম বড় সমস্যা সুশাসনের অভাব। দুর্নীতি ও সমন্বয়হীনতা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, স্বতন্ত্র হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠিত হলে বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় বাড়বে এবং হাওর উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক বিষয়ে পরিণত হবে। তবে যে পদ্ধতিতেই উন্নয়ন হোক না কেন, মূল লক্ষ্য হতে হবে হাওর ও হাওরবাসীর দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় হাওর অপরিসীম গুরুত্ব বহন করলেও প্রতিবছর আগাম বন্যা, পাহাড়ি ঢল, জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে কৃষক ও স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে একাধিক মন্ত্রণালয় ও সংস্থা হাওর নিয়ে কাজ করায় সমন্বয়ের অভাব, দায়িত্বহীনতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই সমন্বিত পরিকল্পনা, গবেষণা, বাজেট ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সুনামগঞ্জ ও হাওরাঞ্চল এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি হাওর অঞ্চলের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের জরুরি উদ্যোগ কামনা করেন।
অনুষ্ঠানে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সহযোগী সমন্বয়কারী নেসার আমিন এবং সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





