ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা বড় ভুল: লুইস দে লা ফুয়েন্তে – DesheBideshe

ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা বড় ভুল: লুইস দে লা ফুয়েন্তে – DesheBideshe


ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা বড় ভুল: লুইস দে লা ফুয়েন্তে – DesheBideshe

ওয়াশিংটন, ২১ জুন – তরুণ তুর্কি লামিন ইয়ামালকে লিওনেল মেসি কিংবা ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করাকে বড় ভুল বলে মনে করেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ক্যারিয়ারের শুরু থেকেই বাঁ পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মুগ্ধ করা এই বার্সেলোনা উইঙ্গারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক উঁচুতে থাকলেও কোচ তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

একইসঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল শুরুর একাদশে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। চলমান বিশ্বকাপে এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে নিজেদের অভিযান শুরু করেছে স্পেন। দ্বিতীয় ম্যাচে তারা আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হতে যাচ্ছে।

প্রথম ম্যাচে পেশির চোটের কারণে ইয়ামাল কেবল বদলি হিসেবে শেষ দিকে মাঠে নামতে পেরেছিলেন। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে তৈরি হওয়া বাড়তি উত্তেজনা প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামালকে অন্য কারো সঙ্গে তুলনা করা ঠিক হবে না। তার বয়স এখনো অনেক কম এবং সে বর্তমানে পরিপক্ক হওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

তাই তাকে নিজের স্বাভাবিক গতিতে বাড়তে দেওয়া উচিত। তবে ইয়ামালের প্রতিভাকে খাটো করে দেখছেন না স্প্যানিশ কোচ। তাকে অনন্য ধাঁচের ফুটবলার উল্লেখ করে তিনি বলেন, ইয়ামাল অনেকটা সালভাদর দালি কিংবা মাইকেলেঞ্জেলোর মতো শিল্পীদের সমতুল্য মেধাবী। সাধারণ মানুষের কাছে যা ব্যতিক্রমী মনে হয়, তাদের কাছে সেটিই অত্যন্ত স্বাভাবিক।

চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হতে না পারার কথা স্বীকার করেছেন ইয়ামাল নিজেও। সৌদি আরবের বিপক্ষে তার খেলার সময়সীমা নিয়ে কোচ জানান, ম্যাচ পরিস্থিতি এবং খেলোয়াড়ের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ৫৫ থেকে ৬০ মিনিটের মতো খেলানো হতে পারে। দলের সেরা স্বার্থ এবং খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

দলের ভেতরকার পরিবেশ নিয়ে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালকে নিয়ে মিডিয়ার মাতামাতি সতীর্থদের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর সমালোচনায় বিদ্ধ হলেও ড্রেসিংরুমের পরিবেশ ইতিবাচক রয়েছে। বরং এই সমালোচনা ফুটবলারদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছে। সৌদি আরবের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে পুরো স্প্যানিশ দল।

এস এম/ ২১ জুন ২০২৬



Scroll to Top