বিশ্বকাপে ম্যানুয়েল নয়ারের বিশ্বরেকর্ড, আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির জয় – DesheBideshe

বিশ্বকাপে ম্যানুয়েল নয়ারের বিশ্বরেকর্ড, আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির জয় – DesheBideshe


বিশ্বকাপে ম্যানুয়েল নয়ারের বিশ্বরেকর্ড, আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির জয় – DesheBideshe

বার্লিন, ২১ জুন – আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে থেকেও ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়ের দিনে এক অনন্য কীর্তি গড়েছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক হওয়ার গৌরব এখন বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারের।

গ্রুপ ই এর ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে নিজের ২১তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামেন নয়ার। এর মাধ্যমে তিনি ফ্রান্সের সাবেক গোলরক্ষক হুগো লরিসের ২০টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দেন। ফুটবল মিডিয়া ৪৩৩ এর তথ্য অনুযায়ী, নয়ার এখন বিশ্বমঞ্চে গোলরক্ষকদের জন্য নতুন এক মানদণ্ড স্থাপন করেছেন।

এই ম্যাচেই আইভরি কোস্টের ফ্রাঙ্ক কেসি ৩০তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় পায়নি তার দল। পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার তথ্য মতে, ২৯ বছর ১৮৩ দিন বয়সে গোল করে কেসি আইভরি কোস্টের ইতিহাসে বিশ্বকাপের দ্বিতীয় বয়স্ক গোলদাতা হয়েছেন।

এই তালিকায় শীর্ষে রয়েছেন দিদিয়ের দ্রগবা, যিনি ২০১০ সালে ৩২ বছর ১০১ দিন বয়সে গোল করেছিলেন। আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামার আগেই ৪০ বছর বয়সী নয়ার ঘোষণা দেন যে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে চূড়ান্ত অবসর নেবেন।

২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা বর্তমানে টানা পঞ্চম বিশ্বকাপে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানি বিদায় নেওয়ার পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কোচ জুলিয়ান নাগেলসম্যান তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনেন।

এস এম/ ২১ জুন ২০২৬



Scroll to Top