খালের দেড় কিলোমিটারে ২৪ সেতু’ প্রথম আলোর এই খবর পড়লে মনে প্রশ্ন জাগতে পারে, কর্তৃপক্ষ জিনিসটা কী? তাদের চোখ কি আদৌ খোলা আছে? কারণ, এই ২৪ সেতুর ১৫টি নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
তা ছাড়া খালের ওপর শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, পাকা দালান নির্মাণে পৌরসভা কর্তৃপক্ষের সায় আছে বলেও জানিয়েছেন কেউ কেউ। আর ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা বলছেন, খাল দখল সম্পূর্ণভাবে বেআইনি। ব্যক্তিগতভাবে খালের ওপর সেতু নির্মাণ পরিবেশসম্মত নয়। শিগগিরই তাঁরা দখলকারীদের উচ্ছেদে নামবেন।
কে কাকে উচ্ছেদ করে, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু এই রেষারেষিতে পড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। বাঁধের কারণে খালের পানি শুকিয়ে গেছে। এ কারণে জুলেখার বিল, সুন্দরখালী, চৌদ্দগড়, শুদ্রকান্দি ও চাঁচড়া বিল এলাকায় বোরোচাষিরা বীজতলায় পানি দিতে পারছেন না। তাঁদের ক্ষতির দায় কে নেবে? দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), প্রশাসন, নাকি পৌরসভা?



