যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ | চ্যানেল আই অনলাইন

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ | চ্যানেল আই অনলাইন

লেবাননে টানা সংঘর্ষ ও প্রাণহানির পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার দুই পক্ষের মধ্যে এই সমঝোতা কার্যকর হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন মার্কো রুবিও। তিনি লেবাননের পুরো ভূখণ্ডে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ওপরও জোর দেন। এক মুখপাত্র জানান, আগামী ২৩ থেকে ২৫ জুন ওয়াশিংটনে সম্ভাব্য পরবর্তী দফার আলোচনা নিয়ে উভয় পক্ষ কথা বলেছে। সেখানে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলেছেন। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আউন যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেছেন, ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে। তবে এর জন্য হিজবুল্লাহকে চুক্তির শর্ত অনুযায়ী সব ধরনের হামলা বন্ধ রাখতে হবে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, সংঘর্ষে তাদের চার সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের পর এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

যুদ্ধবিরতির এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মাত্র দুই দিন আগে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান সংঘাত ওই শান্তি প্রক্রিয়ার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

Scroll to Top