প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বর্তমানে মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে না।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, মালয়েশিয়ার কাছে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার অনুরোধ জানানো হবে। তবে বর্তমানে দেশটি শুধু বাংলাদেশের নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করছে। এই মূল্যায়ন কার্যক্রম শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবে। একই সঙ্গে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে কেবল শ্রমবাজারকেন্দ্রিক না দেখে বহুমাত্রিক সহযোগিতার দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।
আসাদ আল সিয়াম বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও মালয়েশিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থক।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতি খাতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময় হতে পারে। এছাড়া পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আরও কয়েকটি বিষয়ে আলোচনা চলছে।
পররাষ্ট্র সচিবের ভাষ্য, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে।






