
ওয়াশিংটন, ১৫ জুন – ২০২৬ বিশ্বকাপের উন্মাদনার মাঝে গ্যালারিতে এক ভিন্নধর্মী ঘটনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও এবং বিশ্বখ্যাত ইউটিউবার আইশোস্পিড। ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ চলাকালে স্টেডিয়ামের হসপিটালিটি বক্সে তাদের এই বিশেষ সাক্ষাৎ ঘটে।
যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও গ্যালারির এই মুহূর্তটি ভক্তদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে। লাইভ স্ট্রিমিং চলাকালীন রোনালদোর সঙ্গে কথোপকথনে মেতে ওঠেন ২১ বছর বয়সী স্পিড।
আলোচনার এক পর্যায়ে রোনালদো তার শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলেন এবং মজার ছলে জানতে চান তিনি ইদানীং শরীরচর্চা বাড়িয়েছেন কি না। জবাবে স্পিড ক্যামেরার সামনে নিজের পেশি ও সিক্স প্যাক প্রদর্শন করেন।
কথোপকথনের এক পর্যায়ে স্পিড ২০৩০ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করলে রোনালদো হাসতে হাসতে বলেন যে তার জন্য স্পিডকে আরও অন্তত ৫০ বছর অপেক্ষা করতে হবে। এক পর্যায়ে স্পিডের সুগঠিত শরীর দেখে কিছুটা সন্দেহ প্রকাশ করেন রোনালদো।
তিনি জানতে চান শরীর গঠনে কোনো নিষিদ্ধ উপাদান ব্যবহার করা হয়েছে কি না এবং হাসির ছলে একটি রক্ত পরীক্ষার প্রস্তাব দেন। স্পিড তাৎক্ষণিকভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং দাবি করেন যে তার শরীর সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি।
পরে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি মন্তব্য করেন যে রোনালদোর এই সন্দেহ আসলে তার জন্য একটি বড় প্রশংসা। রোনালদোর সঙ্গে সাক্ষাতের পর স্পিড রবার্তো কার্লোস ও কাকার সঙ্গেও সময় কাটান। পুরো ঘটনাটির ভিডিও বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছে।
এস এম/ ১৫ জুন ২০২৬







