নথিপত্র জটিলতায় মেক্সিকোতে আটকে পড়ল উরুগুয়ে ফুটবল দল – DesheBideshe

নথিপত্র জটিলতায় মেক্সিকোতে আটকে পড়ল উরুগুয়ে ফুটবল দল – DesheBideshe


নথিপত্র জটিলতায় মেক্সিকোতে আটকে পড়ল উরুগুয়ে ফুটবল দল – DesheBideshe

মেক্সিকো সিটি, ১৫ জুন – কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে মেক্সিকোতে আটকা পড়েছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। আগামী বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন কোচ মার্সেলো বিয়েলসা ও তার শিষ্যরা।

অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র ও অনুমতি সময়মতো প্রস্তুত না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উরুগুয়ের খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বহনকারী বিমানটি মেক্সিকো থেকে মায়ামির উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।

তবে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স না মেলায় শেষ মুহূর্তে যাত্রা স্থগিত করতে হয়। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি ভিসা এবং অন্যান্য দাপ্তরিক কাগজপত্র প্রস্তুত করার মূল দায়িত্ব ছিল ফিফার ওপর। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি নির্ধারিত সময়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।

এই পরিস্থিতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন দ্রুত সমস্যা সমাধানের জন্য তৎপরতা চালাচ্ছে। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়া। এই বিলম্বের ফলে নির্ধারিত মাঠে অনুশীলনের সুযোগ হারিয়েছে দলটি।

বর্তমানে ফুটবলাররা হোটেলের ভেতরেই ইনডোর ট্রেনিংয়ের মাধ্যমে নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে একই ধরনের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছিল উরুগুয়ে শিবির। এবারের এই ঘটনায় বিশ্বকাপের মঞ্চে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এস এম/ ১৫ জুন ২০২৬



Scroll to Top