
লিসবন, ১৫ জুন – ৪১ বছর বয়সেও শারীরিক সক্ষমতা ও ফিটনেসের অনন্য নজির গড়ে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামি সমুদ্রসৈকতে তার সুঠাম শরীর দেখে মুগ্ধ হয়েছেন সতীর্থরাও।
আসন্ন বিশ্বকাপের আগে পর্তুগাল দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ফ্লোরিডার পাম বিচে অবসর যাপন করতে দেখা যায় তাকে। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন মিডফিল্ডার ভিতিনহাও। রোনালদোর শারীরিক গঠন নিয়ে ভিতিনহা বলেন যে এটি কোনোভাবেই ফটোশপ নয়, বরং বাস্তবেও তিনি অত্যন্ত সুঠাম দেহের অধিকারী।
৪১ বছর বয়সে তার এমন ফিটনেস অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি জানান যে নিজের শরীর ও ফিটনেসের প্রতি রোনালদোর গভীর যত্ন এবং পরিশ্রমের ফলেই এমন ফলাফল পাওয়া সম্ভব হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী রোনালদো সব সময়ই কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার ওপর জোর দিয়ে এসেছেন।
নিজের ফিটনেস প্রসঙ্গে তিনি জানান যে শারীরিকভাবে তিনি বেশ ভালো অবস্থানে আছেন। অনুশীলনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা একটি ভালো প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে আসল লড়াই শুরু হবে প্রথম ম্যাচ থেকে।
চাপের মুখে পারফর্ম করার মাধ্যমেই প্রকৃত চ্যাম্পিয়নদের চেনা যায় বলে তিনি মন্তব্য করেন। বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরু হবে বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে। এরপর ২৩ জুন তারা উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে।
এস এম/ ১৫ জুন ২০২৬







