
তিউনিস, ১৫ জুন – বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার জেরে বরখাস্ত হয়েছেন তিউনিসিয়ার প্রধান কোচ সাব্রি লামুশি। মেক্সিকোর মনটেরিতে অনুষ্ঠিত এই ম্যাচে লজ্জাজনক হারের পরদিনই তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।
চলমান বিশ্বকাপে কোনো দলের কোচ বরখাস্ত হওয়ার এটিই প্রথম ঘটনা।
সুইডেনের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পরপরই আজ জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। মূলত বিশ্বকাপে নামার ঠিক আগে বেলজিয়ামের কাছে প্রীতি ম্যাচে ৫-০ গোলে হেরেছিল দলটি। এরপর বিশ্বমঞ্চের উদ্বোধনী ম্যাচেই হজম করতে হলো আরও ৫ গোল। টানা এমন ব্যর্থতায় কোচ লামুশির ওপর থেকে আস্থা হারিয়েছে দেশটির ফুটবল বোর্ড।
আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায়ের পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার অধীনে দলটি মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়।
হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে দলের পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে নামতে থাকে। কানাডার সাথে গোলশূন্য ড্র করার পর অস্ট্রিয়া, বেলজিয়াম এবং সর্বশেষ সুইডেনের কাছে হেরে বিদায় নিতে হলো এই কোচকে। অথচ রেকর্ড গড়ে কোনো গোল হজম না করেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল তিউনিসিয়া।
আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় ফেডারেশন। নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনা চলছে সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরিকে নিয়ে। এছাড়া ২০২২ বিশ্বকাপে তিউনিসিয়ার কোচের দায়িত্বে থাকা মোনধের কেবাইয়েরের নামও শোনা যাচ্ছে।
এনএন/ ১৫ জুন ২০২৬







