শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আলোর পাঠশালার শিক্ষার্থীরা

শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত আলোর পাঠশালার শিক্ষার্থীরা

সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে। শিক্ষা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নানা ধরনের উপকরণও দেওয়া হয়। এবারও প্রতিবছরের মতো শীত মৌসুমে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। প্রথম আলো ট্রাস্টের শীতবস্ত্র বিতরণের এই আয়োজনে সহযোগিতা করছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্টে এক হাজার শীতবস্ত্র দিয়েছে প্রতিষ্ঠানটি। এই শীতবস্ত্র অসহায় শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় পদ্মা নদীর ধারে আলোর পাঠশালায় দুপুরের দিকে শিক্ষার্থীদের শীতবস্ত্র দেওয়া হয়। তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী প্রধান শিক্ষক রহমত আলী, সহকারী শিক্ষক নাসরিন খাতুন, খাদিজাতুল কুবরা, হাসান ইমাম, সারফরাদ এবং প্রথম আলো রাজশাহীর প্রতিনিধি শফিকুল ইসলাম।

Scroll to Top