পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের সাতে বাংলাদেশ

পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করার সুফল এবার টেস্ট র‍্যাঙ্কিংয়েও পেল বাংলাদেশ। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

সিলেট টেস্টে বুধবার পাকিস্তানকে ৭৮ রানে হারানোর পরই র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসে। এর আগে নবম স্থানে থাকা বাংলাদেশ এক লাফে উঠে যায় সাত নম্বরে। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে পাকিস্তান নেমে গেছে অষ্টম স্থানে। বাংলাদেশের উন্নতিতে আট নম্বর থেকে নবম স্থানে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। কোনো ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, তৃতীয়তে ভারত এবং চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।

২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পাওয়ার পর দীর্ঘ সময় র‍্যাঙ্কিংয়ের তলানিতেই ছিল বাংলাদেশ। পরে ধীরে ধীরে উন্নতি করে নবম স্থানে জায়গা করে নেয় টাইগাররা। ২০১৮ সালে প্রথমবারের মতো অষ্টম স্থানে উঠে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে সেই অবস্থান বেশিদিন ধরে রাখা সম্ভব হয়নি। গত কয়েক বছর আবারও নবম স্থানেই ছিল বাংলাদেশের অবস্থান।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স বদলে দিয়েছে দৃশ্যপট। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার পর এবার ঘরের মাঠেও একই কীর্তি গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বিরল রেকর্ড গড়ল টাইগাররা। এমন সাফল্যের পুরস্কার মিলিছে র‌্যাংকিংয়ে।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১৫৫১, যা অষ্টম স্থানে থাকা পাকিস্তানের ১২০৫ পয়েন্টের চেয়ে অনেক বেশি। এই ব্যবধানই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করেছে।

শুধু টেস্ট র‍্যাঙ্কিং নয়, উন্নতি হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এখনও অনেক ম্যাচ বাকি থাকলেও ইংল্যান্ড ও ভারতকে টপকে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

Scroll to Top