টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

টঙ্গীতে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা পেল ২৭২ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষুসেবা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে চক্ষুসেবা প্রদান করেছে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম-এমএসএস।

রোববার (১৭ মে) টঙ্গীর আইএইচএফ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে আইএইচএফ স্কুল, হলি সান মডেল স্কুল, অথেন্টিক স্কুলসহ মোট চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭২ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষককে প্রয়োজনীয় চক্ষুসেবা দেওয়া হয়।

আয়োজকদের তথ্যমতে, চক্ষু পরীক্ষার পাশাপাশি ২০ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ১০ জনকে চশমা সরবরাহ করা হয়। একই সঙ্গে চোখের যত্ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৭২টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।

রোটারি ক্লাবের অর্থায়নে এবং ইসিবি স্পেশালাইজড চক্ষু হাসপাতালের সহযোগিতায় মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এই চক্ষু শিবির বাস্তবায়ন করে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় চক্ষুচিকিৎসা পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই ছিল এই কার্যক্রমের মূল লক্ষ্য।

আইএইচএফ স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার বিনা বলেন, “আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধও দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা খুবই আনন্দিত।”

উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম জুলাই ২০১৪ থেকে মে ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মোট ৫১৭টি চক্ষু শিবির পরিচালনা করেছে। এ সময়ে ২ লাখ ৩১ হাজার ৭৭৪ জনকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান এবং ২৩ হাজার ৪১ জনের চোখে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

Scroll to Top