সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণের ঘটনা ঘটলে তার জবাবে পাল্টা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) বিকালে সংঘটিত এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সোনারহাট সীমান্ত এলাকায় বিকেলের দিকে আকস্মিকভাবে বিএসএফ গুলি ছোড়ে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের পূর্ব উত্তেজনা বা উসকানি ছাড়াই এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর পরপরই বিজিবি পাল্টা ব্যবস্থা হিসেবে গুলি করে। তবে ঘটনাটিতে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রতিক্রিয়া জানানো হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ অনুপ্রবেশ বা অনুমোদনহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে বলে জানানো হয়েছে।





