
ঢাকা, ৭ মে – বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল সাম্প্রতিক আসরগুলোতে নানা অনিয়ম, ফিক্সিংয়ের অভিযোগ এবং ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্টভাবে জানিয়েছেন যে, কোনো ধরনের অনিয়ম কিংবা প্রস্তুতিহীনভাবে জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।
বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএলের আগের আসরগুলোর নানা অসংগতি তুলে ধরেন তামিম ইকবাল এবং বিসিবির প্রতিনিধি ফাহিম সিনহা। তামিম ইকবাল বলেন, আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে চাই না। যদি আমরা যোগ্য ফ্র্যাঞ্চাইজি না পাই, তবে বিপিএল আয়োজন না করাই শ্রেয়। শুধু দায়সারাভাবে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে তা বন্ধ রাখা ভালো বলে আমি মনে করি।
সংবাদ সম্মেলনে তিনি বিপিএলের পূর্ববর্তী দায়িত্বরত ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন। তিনি জানান, দায়িত্বরতদের অনিয়মের কারণে বোর্ডকে বারবার ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এর জন্য জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি আরও যোগ করেন, জেনেশুনে ভুল করাটা অপরাধের পর্যায়ে পড়ে। যদি কারো সিদ্ধান্তের কারণে বিসিবি ক্ষতিগ্রস্ত হয়, তবে তাকে অবশ্যই দায় নিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিপিএলের সর্বশেষ আসরে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের মতো দলগুলো বোর্ডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই অংশগ্রহণ করেছে। এছাড়া টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে চট্টগ্রাম দলের মালিকানা বিসিবিকে নিতে হওয়ায় বড় ধরনের আর্থিক লোকসান হয়েছে বলে দাবি করেন ফাহিম সিনহা।
ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মিঠুনের সাথে আলোচনা হয়েছে বলে জানানো হয়। প্লেয়ারদের চুক্তির বিষয়ে বিসিবি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করবে যাতে খেলোয়াড়রা কোনো প্রকার আর্থিক ঝুঁকির সম্মুখীন না হয়। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন আসরগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ৭ মে ২০২৬





