
ঝালকাঠি, ৩১ ডিসেম্বর – ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বলেছেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে কাঁঠালিয়া বাইপাস মোড়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান ওমর বলেন, নির্বাচন দুই প্রকার- অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। যেহেতু বড় কয়েকটি দল নেই, এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রীত্ব করুন। এখন যদি ৬০, ৭০ বা ৮০ শতাংশ ভোট না পড়ে, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০-৭০-৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩





