আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার ১ মে দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
তিনি জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে তার প্রথম জনসভায় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ লক্ষ্যে শ্রমিক দল ইতোমধ্যে ব্যানার-ফেস্টুন প্রস্তুতসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক এই দিনে কর্মজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি সফল হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান শ্রম পরিস্থিতি ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তারেক রহমান।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






