
মুম্বাই, ৩০ এপ্রিল – বলিউডের প্রবীণ অভিনেতা অন্নু কাপুর তার স্পষ্টভাষী স্বভাবের জন্য দীর্ঘকাল ধরে পরিচিত। কোনো রাখঢাক না রেখে অপ্রিয় সত্য প্রকাশ্যে আনা তার অন্যতম বৈশিষ্ট্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে চলচ্চিত্রের অন্তরঙ্গ দৃশ্য ধারণের নেপথ্যের এক অন্ধকার ও অস্বস্তিকর দিক নিয়ে মুখ খুলেছেন তিনি। তার এই মন্তব্য বি-টাউনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অন্নু কাপুরের দাবি, শুটিং চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে অনেক পুরুষ অভিনেতা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি প্রায়শই সহ-অভিনেত্রীদের জন্য চরম বিব্রতকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের একটি ইউটিউব অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ এই বিশৃঙ্খলা নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।
অন্নু কাপুর জানান, অনেক সময় পরিচালক দৃশ্য শেষ করার সংকেত বা কাট বলার পরেও পুরুষ অভিনেতারা কাজ থামান না। তিনি বলেন, আমি এমন অনেক পরিস্থিতি দেখেছি যেখানে অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিচালক কাট বলার পরেও তারা তাৎক্ষণিকভাবে সরে আসেন না। কিছু অসাধু ব্যক্তি মূলত এই ধরনের মুহূর্তের সুযোগ নিতে চান বলে তিনি অভিযোগ করেন।
একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, একবার এক নায়ক শুটিং চলাকালীন নিজেকে সামলাতে না পেরে সীমা অতিক্রম করেছিলেন। পরিচালক বারবার কাট বললেও তিনি থামছিলেন না। শেষ পর্যন্ত ওই অভিনেত্রীকে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করতে হয়েছিল। সেই ঘটনার পর ওই অভিনেত্রী এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে পরবর্তী দুই দিন তিনি ঘর থেকে বের হননি।
অন্নু কাপুরের এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে অন্নু কাপুরের এই উদ্বেগ অত্যন্ত সময়োপযোগী। তবে তার এই মন্তব্যকে কেন্দ্র করে বলিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার সাহসিকতাকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালাওভাবে সব পুরুষ অভিনেতাকে অভিযুক্ত করার শামিল।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬






