
মাদ্রিদ, ১৭ এপ্রিল – স্প্যানিশ ফুটবলের পঞ্চম স্তরের দল ইউই কর্নেইয়ার পূর্ণ মালিকানা গ্রহণ করেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। কাতালুনিয়া ভিত্তিক ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেছে। বার্সেলোনায় অবস্থিত এই ক্লাবটি মূলত ফুটবলার তৈরির সূতিকাগার হিসেবে সুপরিচিত। উন্নতমানের ফুটবল একাডেমির জন্য পরিচিত এই ক্লাব থেকেই উঠে এসেছেন জর্দি আলবা এবং জেরার্ড মার্তিনের মতো তারকারা। এছাড়া আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াও এই একাডেমিরই ফসল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এর মূল লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে এই প্রকল্পটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে পরিচালিত হবে যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও স্থায়িত্বের পাশাপাশি স্থানীয় শেকড়ের সাথে গভীর সংযোগ বজায় রাখা হবে।
বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ২০১২ সালে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে এই কর্নেইয়া একাডেমিতে দীর্ঘ ছয় বছর কাটিয়েছিলেন। ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনার বি দলে যোগ দেন এবং বর্তমানে তিনি এমএলএস ক্লাব অস্টিন এফসিতে খেলছেন। ইউরোপীয় কোনো ফুটবল ক্লাবের পূর্ণ মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও এর আগে তিনি উরুগুয়ের পেশাদার দল দেপোর্তিভো এলএসএম এর অংশীদার হয়েছেন।
সেখানে তার সাথে বিনিয়োগে রয়েছেন ইন্টার মায়ামি ও বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ। কর্নেইয়াতে মেসির এই বিনিয়োগ মূলত তৃণমূল ফুটবলের প্রতি তার অঙ্গীকারেরই একটি অংশ। এর আগে গত ডিসেম্বর মাসে চেজ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ দলের অংশগ্রহণে প্রথম মেসি কাপ আয়োজন করেছিলেন এই ফুটবল কিংবদন্তি।
এস এম/ ১৭ এপ্রিল ২০২৬






