সাদমানের ফিফটি, ৩ উইকেট নেই বাংলাদেশের – Sarabangla

সাদমানের ফিফটি, ৩ উইকেট নেই বাংলাদেশের – Sarabangla

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খুব বেশি সুবিধাজনক অবস্থানে নয় বাংলাদেশ। রান পাননি ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত সেট হলেও বড় ইনিংস গড়তে ব্যর্থ। তবে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। সব মিলিয়ে একশ পেরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের।

এই প্রতিবেন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২৩ রান। ৫৬ রান করে অপরাজিত আছেন ওপেনার সাদমান ইসলাম। তার সাথে ৯ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টেস্টেও মারকাটারি ব্যাটিং করে আলোচনায় আসা তরুণ ওপেনার তানজিদ তামিম আজ রয়েসয়ে এগুতে চেয়েছেন। তবে দেখেশুনে খেলার তার এই টেকনিক কাজে লাগেনি।

২৩ বল খেলে ৭ রান করে আউট হয়েছেন মিডঅফে ক্যাচ দিয়ে। তিনে নেমে মুমিনুল হক  ক্রিজে জমে গিয়েছিলেন। কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। ফিরেছেন ৫১ বলে ২৮ রান করে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে হাল ধরেন সাদমান ইসলামের সঙ্গে। কিন্তু শান্তও ক্রিজে সেট হয়েছেন বটে কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ। এলবিডব্লিউ হয়েছেন ৪২ বলে ১৯ রান করে।

তারপর তাওহিদ হৃদয়কে নিয়ে দলকে টানছেন সাদমান ইসলাম। মুশফিকুর রহিমের ইনজুরিতে আজ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন হৃদয়। আগের দিন আঙুলে চোট পেয়ে আজ ম্যাচ খেলতে নামতে পারেননি মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।

Scroll to Top