দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব – DesheBideshe

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এই মজুত আরও বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে জোরালো চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণত দেশে ১৫ দিনের জ্বালানি তেলের মজুত রাখা হয়। তবে বর্তমানে দেশে প্রায় এক মাসের জ্বালানি তেল মজুত রয়েছে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে সকালে প্রধানমন্ত্রী একটি বিশেষ বৈঠক করেন, যেখানে অর্থমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতি, মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ এবং বর্তমান অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।

সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থেকে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। মানুষের মধ্যে আস্থা ফিরে এলে এই আতঙ্ক শিগগিরই কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এই রিজার্ভ আরও বাড়ানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সব ধরনের তেলের ক্ষেত্রেই এক মাসের মজুত নিশ্চিত করা হয়েছে।

জেট ফুয়েলের দাম বাড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখেই এই দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশে আসা বিদেশি এয়ারলাইন্সগুলো যাতে কম দামে তেল কিনে দেশের লোকসান না বাড়ায়, সেদিকে লক্ষ্য রেখেই আন্তর্জাতিক দরে জেট ফুয়েল বিক্রি করা হচ্ছে।

এছাড়া স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার একটি প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তগুলো নিতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো লক্ষণ বা সম্ভাবনা বর্তমানে নেই বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে তেল কেনা অব্যাহত রয়েছে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top