স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনও সিরিজ জয়ের স্বপ্নটা জেগেছিল প্রথম ম্যাচের জয়ের পর। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ম্যাচে জিতলেই ইতিহাস গড়তে পারতেন শান্তরা। তবে বাংলাদেশের স্বপ্নকে ভেঙ্গে বে ওভালের শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনল কিউইরা। ব্যাটে বলে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে বৃষ্টি আইনে ১৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্যান্টনারের ঘূর্ণিতে ও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১০ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শরিফুল-মাহেদিদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছিল শান্তরা। ১১১ রান তাড়া করতে নেমে ৪৯ রানের মাঝেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে ১৬ রানের মাথায় সেইফার্তকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মাহেদি। এরপর ২৬, ৩০, ৩৮ ও ৪৯ রানে পড়েছে নিউজিল্যান্ডের আরও তিন উইকেট। ১ রান করা ড্যারেল মিচেলকেও ফেরান মাহেদি।
এরপর গ্লেন ফিলিপসকেও ১ রান করে আউট করেছেন শরিফুল। ৩১ বলে ৩৮ রান করে ভয়ংকর হয়ে উথছিলেন ফিন অ্যালেন। তিনি শরিফুলের বলে। মার্ক চ্যাপমান রান আউট হয়ে ফিরলে ৪৯ রানে ৫ উইকেট হারায় কিউইরা। দুটি করে উইকেট পেয়েছেন শরিফুল ও মাহেদি।
৫ উইকেট তুলে নেওয়ার পর দারুণ এক জয়ের আভাস পাচ্ছিল বাংলাদেশ। তবে তাদের সেই জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান সেই স্যান্টনার। নিশমকে সাথে নিয়ে গড়ে তোলেন দুর্দান্ত এক জুটি। এই জুটিতেই শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুজনে করেছেন ৪৬ রানের জুটি। স্যান্টনার করেন ১৮ রান, নিশমের রান ২৮। নিউজিল্যান্ডের স্কোর যখন ৯৫ তখন নামে বৃষ্টি। এরপর বৃষ্টি আর না থামায় নিউজিল্যান্ডকে ১৭ রানে জয়ী ঘোষণা করেন আম্পায়ার। বৃষ্টি আইনে এগিয়ে থেকে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। সিরিজ না জেতার হতাশা নিয়েই দেশে ফিরতে হবে বাংলাদেশকে।
সারাবাংলা/এফএম




