ইফতারের আয়োজনে চিকেনের বিভিন্ন পদ থাকলে ভোজনরসিকদের কাছে তা বেশ উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ করে ঝটপট ও কম উপকরণে কোনো সুস্বাদু খাবার তৈরি করা গেলে তা রাঁধুনিদের জন্যও স্বস্তিদায়ক হয়। বাড়িতে মুরগির মাংস ও সামান্য কিছু মসলা থাকলেই ইফতারের ঠিক আগ মুহূর্তে তৈরি করে নেওয়া সম্ভব মজাদার চিকেন বল। এটি বড়দের পাশাপাশি শিশুদের কাছেও অত্যন্ত পছন্দের একটি খাবার।
ইফতারের টেবিলে ভিন্নতা আনতে জেনে নেওয়া যাক সুস্বাদু চিকেন বল তৈরির সহজ রেসিপি – এটি তৈরির জন্য প্রয়োজন হবে এক কাপ চিকেন কিমা, দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং স্বাদমতো কাঁচা মরিচ। এছাড়াও লাগবে এক চা চামচ আদা ও রসুন কুচি, স্বাদমতো লবণ, এক চতুর্থাংশ কাপ ময়দা এবং একটি ডিম। বাইন্ডিং ও স্বাদ বাড়াতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ সয়াসস ও এক চিমটি গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে হবে। ভাজার জন্য প্রয়োজন হবে পরিমাণমতো তেল।
রন্ধন প্রণালি হিসেবে প্রথমে সব উপকরণ একটি পাত্রে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বলের আকৃতি তৈরি করতে হবে। এরপর বলগুলো প্রথমে হালকা ভেজে নিতে হবে। বলগুলোর ভেতর যাতে ঠিকমতো সেদ্ধ হয়, সেজন্য কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দেওয়া যেতে পারে। এরপর ডুবো তেলে বা ডিপ ফ্রাই করে সোনালি রং আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা শেষে নামিয়ে পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করা যাবে মজাদার এই চিকেন বল।
এনএন/ ৮ মার্চ ২০২৬







