রাশিয়ার একটি ক্লাবে অনুষ্ঠিত এক পার্টিতে নগ্ন হয়ে উপস্থিত হওয়ার ঘটনা দেশটির অভ্যন্তরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ নানান সমস্যা চলাকালীন সময় এই বিষয়টি দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও রাগিয়ে দিয়েছে বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার একজন র্যাপার শুধুমাত্র একজোড়া মোজা পড়ে একটি সেলিব্রিটি পার্টিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনায় তাকে ১৫ দিনের জন্য কারগারে পাঠানো হয়েছে। রাশিয়ার বিখ্যাত কিছু স্পনসর তার সাথে করা চুক্তি থেকেও সরে গেছে।
এই বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের এই বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য না করার জন্য অনুরোধ করে বলেন, চলুন আপনি আর আমি এই বিষয়ে নিয়ে কোন আলোচনা না করি। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পার্টিতে আরও যারা অংশ নিয়েছিল তাদের চিহ্নিত করা হয়েছে।
দেশটিতে ডিমের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতিকে পাশ কাটিয়ে এ ঘটনায় কর্তৃপক্ষ, আইন প্রণেতা, ব্লগার, রাষ্ট্রীয় মিডিয়া এবং অর্থোডক্স চার্চ গোষ্ঠীর তীব্র প্রতিক্রিয়া কয়েকদিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছে।


জানা গেছে, গত ২১ ডিসেম্বর মস্কোর মুতাবর নাইটক্লাবে অনুষ্ঠিত এই পার্টির আয়োজন করেন ব্লগার আনাস্তাসিয়া ইভলিভা।এতে বিভিন্ন রাজ্যের সুপরিচিত গায়করা অংশ নিয়েছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রাশিয়ার মানুষ যখন কষ্টে জীবন পার করছে তখন তিনি ২৩ মিলিয়ন রুবেল (প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা) মূল্যের গহনা পড়ে উৎসব করছেন। যদিও এরপর ইভলিভা সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে ভিডিও প্রকাশ করে তার কাজের জন্য অনুশোচনা করেন।
তবে দেশটির কর কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে এবং দেশটির একটি আদালত নৈতিক কষ্টের জন্য ১ বিলিয়ন রুবেল জরিমানা করেন। পার্টিতে নিকোলাই ভ্যাসিলিভ নামের একজন র্যাপার তার গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য শুধুমাত্র একটি মোজা পরে উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে। তাকে কারাদণ্ডের পাশপাশি মোটা অংকের জরিমানাও করা হয়েছে।
রাশিয়ার লিগ ফর এ সেফ ইন্টারনেটের পরিচালক ইয়েকাতেরিনা মিজুলিনা বলেছেন, যখন আমাদের ছেলেরা বিশেষ সামরিক অভিযানে মারা যাচ্ছে এবং অনেক শিশু তাদের পিতাকে হারাচ্ছে, তখন এই ধরনের অনুষ্ঠান করা নিন্দনীয়। ফ্রন্ট লাইনে থাকা আমাদের সৈন্যরা অবশ্যই এর জন্য লড়াই করছে না।





