মানিক হোসেন ওরফে বাবু বলেন, গত এক বছরে ছাত্রলীগের বাকি খাওয়া নেতা–কর্মীদের মধ্যে একজন জ্যেষ্ঠ নেতা টাকা পরিশোধ করেছেন। ২০ হাজারের ওপরে বাকি থাকা সাত-আটজন এখনো বাকি পরিশোধ করেননি। মানিকের দাবি, ‘এখনো দেড় লাখের মতো টাকা বাকি পড়ে আছে। রুটিন করে মাঝেমধ্যেই ফোন দেন। কেউ ফোন ধরেন, কেউ খালি কেটে দেন। পত্রিকায় নিউজ হওয়ার পর এক হাজার, দুই হাজার করে অল্প বাকি থাকা টাকাগুলো পেয়েছি। ১৫ থেকে ২০ হাজারের ওপরের বাকি পড়ে থাকা টাকাগুলো আর পাচ্ছি না।’
জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অন্যদিকে ঋণে পড়েছেন—এই অবস্থায় ভালো খাবার শিক্ষার্থীদের দিতে পারেন না, নিজেই স্বীকার করলেন। তিনি বলেন, বাস্তবতা হলো, জিনিসপত্রের দাম বেড়ে গেলেও খাবার দাম বাড়াতে পারেননি। আবার অনেক টাকা বাকিও পড়ে আছে। তবে চেষ্টা করছেন, খাবারের মান যাতে বাড়ানো যায়।
এ ব্যাপারে ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানকে (বাবু) কল করা হলে তিনি ধরেননি। এই কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, তিনি কমিটিতে আসার পর শফিকুল ইসলামকে ডেকে নিয়েছিলেন। বলেছেন, তিনি যেন বাকি না দেন। তিনি তালিকা দিলে হয়তো তাঁরা কাজ করতে পারবেন। শফিকুল ইসলামের কাছে খাননি, এমন ছাত্র কম পাওয়া যাবে। লোকটা অনেক যত্ন করে খাওয়ান। যাঁদের টাকা বাকি আছে, তাঁরা যেন দিয়ে দেন, সেই অনুরোধ করেন এই নেতা।




