
ঢাকা, ২২ মে – বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার কেবল বর্ষসেরা হিসেবেই নয় একই সঙ্গে দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড এবং বছরের সেরা ফুটবলারের পুরস্কারও জিতেছেন।

বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় হামজা সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। এসময় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন হামজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড আমাদের ক্রীড়াঙ্গনের একটি বড় অর্জন।
এবার মোট ১৬টি বিভাগে ১৫ জন ক্রীড়াবিদ ও সংগঠককে পুরস্কৃত করা হয়েছে।
বর্ষসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন রিশাদ হোসেন এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন পিটার বাটলার।
এছাড়াও তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আলমগীর কবীর এবং বিশেষ সম্মাননা পেয়েছেন শাহনাজ পারভীন মালেকা।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ।
এনএন/ ২২ মে ২০২৬






