কারও আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে ব্যববস্থা না নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে মন্তব্য করে তিনি আরও বলেন, জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোন দলকে চোরাগুপ্তা হামলা করতে হতো না। বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি স্বাভাবিক। কোন প্রার্থীই নির্বাচন বয়কট করবে না।
এবারের নির্বাচনে কনভিন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান ওবায়দুল কাদের।


মার্কিন ভিসা নীতি নিয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: এ ব্যাপারে পিটারহাস বলতে পারবে। আমার এখন নির্বাচন ছাড়া কিছু ভাবছি না, ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। মানুষকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, আপনাদের ভোটকেন্দ্র আসা প্রয়োজন।
অতীতের ভুল থেকে শিক্ষা নেবে আওয়ামী লীগ বলে এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।





