নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এখনো তালা, খোলা শুধু ৮ জেলায়

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এখনো তালা, খোলা শুধু ৮ জেলায়

প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা গত শনিবার সরাসরি গিয়ে খোঁজ নিয়ে জানান, স্থায়ী ও অস্থায়ী (নেতার বাসাসহ) মিলিয়ে ৫২টি জেলায় বিএনপির কার্যালয় কার্যত বন্ধ। কোনো কোনো জায়গায় কার্যালয় কখনোই খোলা হয় না। কোথাও কোথাও অফিস সহকারীরা তালা খোলেন, তবে নেতা-কর্মীরা যান না, দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় না। ১৩টি কার্যালয়ে নিয়মিত ও অনিয়মিতভাবে পুলিশের পাহারা থাকে। 

বিএনপির ৮০টি সাংগঠনিক জেলায় খোঁজ নিয়ে জানা গেছে ৬৫টিতেই কার্যালয় কার্যত বন্ধ। 

বিএনপির নেতারা বলছেন, দলের কেন্দ্রীয় নেতাসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের সক্রিয় নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে থাকছেন। ফলে কার্যালয় খোলা রাখার সুযোগ নেই। 

যেমন চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়টি শহরের কাজির দেউড়ির নাসিমন ভবনে। সেটি গত ২৮ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। মাঝে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালনের জন্য একবার খোলা হয়েছিল। তারপর থেকে আবার বন্ধ। 

চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা নেতা ইদ্রিস আলী গত শনিবার প্রথম আলোকে বলেন, মামলার আসামি না হলেও বিনা পরোয়ানায় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। যার কারণে নেতা-কর্মীরা কৌশল অবলম্বন করে দলীয় কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন। 

মামলা ছাড়া অহেতুক কাউকে পুলিশ হয়রানি করা হচ্ছে না বলে দাবি করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক। 

Scroll to Top