ইসরায়েলি হামলায় নিহত মৌসাভি ছিলেন ইরানের ‘প্রতিরোধ অক্ষে’ প্রভাবশালী

ইসরায়েলি হামলায় নিহত মৌসাভি ছিলেন ইরানের ‘প্রতিরোধ অক্ষে’ প্রভাবশালী

এর আগেও বেশ কয়েকবার মৌসাভিকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। এবার তাদের সেই চেষ্টা সফল হয়েছে। ইরান ও ইরাক থেকে সিরিয়া এবং সেখান থেকে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছানোর নেটওয়ার্কে মৌসাভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন বলে অভিযোগ ইসরায়েলের। ইরানের কথিত ‘প্রতিরোধের অক্ষের’ ভেতরে তিনি ছিলেন খুবই প্রভাবশালী ব্যক্তি।

ইরানের রেভল্যুশনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহচর ছিলেন মৌসাভি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।

মৌসাভি নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েল সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস নাম প্রকাশ না করে একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাতে সিরিয়া ও লেবানন থেকে রকেট হামলার বদলার বিষয়টিও থাকবে।

Scroll to Top