চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মো. সাহাবুদ্দিন এরশাদ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হালদা ও ধুরুং নদীর মোহনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে একই স্থানে পানির নিচে আটকে যাওয়া জাল উদ্ধারে নেমে নিখোঁজ হন এরশাদ।
নিহত এরশার ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলি মিয়া সিকদার বাড়ির মো. হারুনের ছেলে। তিনি পেশায় একজন দর্জি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল জানান, নিহত সাহাবুদ্দিন পেশায় দর্জির কাজ করে। সোমবার সকালে হালদা ও ধুরুং নদীর মোহনা এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তার হাতের জালটি পানির নিচে আটকে গেলে ডুব দেয়। এরপর পানি থেকে দীর্ঘ সময় উঠে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানের পর বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বার্তা২৪.কম-কে বলেন, আমরা খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা উদ্ধারে চেষ্টা করি। নদীতে পানির স্রোত বেশি হওয়া আগ্রাবাদ থেকে ডুবুরি দল আনা হয়। পরে ৩০ মিনিটের অভিযানে বিকেল ৩টার দিকে ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পুলিশকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।




