২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জোনাথন ট্রট। সাবেক ইংলিশ ক্রিকেটারের কোচিংয়ে এ বছরের ওয়ানডে বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে আফগানরা। একটা পর্যায়ে বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নও দেখছিলেন রশিদ-নবীরা।
বিশ্বকাপে সাফল্য পাওয়ায় ট্রটকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। প্রস্তাবে রাজি হয়ে আরও এক বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে (পিএ) চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে ট্রট বলেছেন, ‘আমি নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। দলের (ভালোর) জন্য যা দরকার, তা নিশ্চিত করতে চাই।’





