বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ার সেরা হওয়ার পর আশিকুর এখন বিশ্বের সেরা হওয়ার স্বপ্নে বিভোর। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হবে দক্ষিণ আফ্রিকাতেই। আশিকুররা পারবেন আকবর আলীদের গড়া ইতিহাসের পুনরাবৃত্তি করতে? উত্তরটা খুব বড় দিলেন না, তবে তাতেই ইঙ্গিত বড় স্বপ্নের, ‘চেষ্টা তো থাকবেই।’ পরে যোগ করলেন, ‘তবে ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এশিয়া কাপেও এভাবে খেলেছি। বিশ্বকাপেও সেটা করতে চাইব।’
আশিকুর ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক, টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ও। ৫ ম্যাচে ৫ ইনিংসে ৩৭৮ রান করেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। ছিল ২টি করে শতক ও অর্ধশতক। এমন পারফরম্যান্সের রহস্যটা শুনুন আশিকুরের মুখেই, ‘এশিয়া কাপে যাওয়ার আগে ভারতে একটা সিরিজ খেলেছিলাম। সেখানে ভালো করছিলাম। কিছু স্টার্ট পেয়ে যাই। কিন্তু আশানুরূপ (বড়) হয়নি। একটা ১০০, একটা ৫০–এর পর বাকি ইনিংসগুলো বড় হয়নি। ২৭, ২৫, ১৫—এমন রান করে আউট হয়েছি। এগুলো যদি ৫০-এ নিতে পারতাম, সেই ৫০-কে যদি ১০০-তে নিতে পারতাম, তাহলে আরও ভালো হতো। এশিয়া কাপে সেটাই চেষ্টা করেছি, নিজের উইকেটের মূল্য দিয়েছি। উল্টাপাল্টা শট খেলে আউট হব না, এটাই চেষ্টা করেছি।’



