চলতি মাসে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ করতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার এ আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীগণ বড়দিন পালন করবেন এবং ইংরেজী নববর্ষের আগে ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এ সকল ধর্মীয় ও আনন্দ উৎসব উদযাপনের সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার রাত ১২টা থেকে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার আতশবাজি, মশাল মিছিল, পটকা ফুটানো, ফানুস উড়ানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।




