নির্বাচনী প্রচারণায় প্রস্তুত সাউন্ড সিস্টেম-ছাপাখানার মালিকেরা

নির্বাচনী প্রচারণায় প্রস্তুত সাউন্ড সিস্টেম-ছাপাখানার মালিকেরা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সাউন্ড সিস্টেম ও ছাপাখানা গুলো প্রস্তুতি নেওয়া শুরু করেছে। দরকারি সরঞ্জাম, কাগজ-কালি ও মৌসুমী শ্রমিক মজুদের প্রস্তুতি চলছে। শিল্পকে ধরে রাখতে এবারে প্রার্থীদের স্থানীয়ভাবে প্রিন্ট করবার আহবান জনিয়েছেন ছাপাখানা মালিকেরা।

নির্বাচনী প্রচারণা ভোটের মাঠকে উৎসবের আমেজে তৈরি করে। সোমবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনী মাঠকে চাঙ্গা রাখতে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ঠাকুরগাঁওয়ের মাইক সাউন্ড-সিস্টেম ও ছাপাখানা গুলো।

ঠাকুরগাঁও জেলায় মোট ৩০টি ছাপাখানা ও ১৪৫ টি মাইকিং সাউন্ড-সিস্টেমের দোকান রয়েছে। তবে অতীতের ব্যবসার শিক্ষায় হতাশ ছাপাখানার মালিকেরা। স্থানীয়ভাবে প্রিন্ট না করার কারণে পড়ছে মন্দার প্রভাব। 

মাইক ব্যবসায়ী ও ছাপাখানা গুলোতে গিয়ে দেখা যায়, নির্বাচনী প্রচারণার প্রস্তুতি হিসেবে নিয়ে আসা হয়েছে নতুন মেশিন ও সরঞ্জামাদি। কাজের ব্যাঘাত ঘটাতে পারে এমন সরঞ্জামাদি করা হচ্ছে মেরামত। অলিতে-গলিতে নির্বাচনের হাওয়া পৌঁছে দিতে বিভিন্ন ধরনের ও আকারের মাইক নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। আর দরকারি কাগজ ও কালি নিয়ে মজুদ ছাপাখানা গুলো। আবার অনেকে তৈরি করে ফেলেছেন পোস্টারের ডিজাইন, অপেক্ষা শুধু বের হওয়ার।

তবে পরিবহন খরচ বাড়ার পর থেকে বেড়েছে সাউন্ড সিস্টেম ও ছাপাখানার খরচ। গত দেড় বছরে সব কিছুর দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। তাই এবারে নির্বাচনী প্রচারণায় বাড়বে খরচ। তবুও ভালো ব্যবসা করার আশাবাদী মালিকেরা।

পূর্বাশা অফসেট কালার প্রেসের স্বত্বাধিকারী তুষার বলেন, ভোটের মাঠের প্রচারণার জন্য পোস্টার, লিফলেট তৈরির জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে যদি প্রার্থীরা কাজটা করে তবে আমাদের এ শিল্পকে ধরে রাখতে আরো সহজ হবে।


ঠাকুরগাঁও জেলা মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে আমাদের মাইকিং ও সাউন্ড সিস্টেম গুলোতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য নির্ধারিত মূল্য আমরা নির্ধারণ করেছি। আশা করছি ভালো ব্যবসা করতে পারব।

ঠাকুরগাঁও প্রেস মালিক সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান বলেন, আমরা ইউনিয়ন ও উপজেলা পরিষদের কাজগুলো পেলেও সংসদ নির্বাচনের কাজগুলো পাইনা। অনেক আশা থাকলে ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। স্থানীয় ছাপাখানা গুলোতে ছাপালে এ শিল্পকে ধরে রাখা সম্ভব ও আরো মানুষের কর্মসংস্থান বাড়বে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে সোমবার (১৮ ডিসেম্বর)। আজ থেকে ‍শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এবারে ঠাকুরগাঁওয়ে ৩ টি সংসদীয় আসনে ৪১৭টি ভোটকেন্দ্রে ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

Scroll to Top