ড. ইউনূসের সাজার রায় স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন

ড. ইউনূসের সাজার রায় স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন

শ্রম আপিল ট্রাইব্যুনালের ২৮ জানুয়ারি দেওয়া আদেশের বৈধতা নিয়ে আবেদনটি করা হয়েছে বলে জানান আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন,  রায় স্থগিত করার এখতিয়ার নেই আপিল আদালতের। আইনের যে ধারায় তাঁরা (ড. ইউনূসসহ চারজন) আপিল করেছেন, সে ধারায় পুরো রায় স্থগিতের কোনো বিধান নেই। রায়ে দুটি দিক থাকে। একটি সাজা ও অন্যটি দণ্ড। আপিল ট্রাইব্যুনাল দুটিই স্থগিত করে দিয়েছেন। এই অংশ অবশ্যই বাতিল হওয়া উচিত। কারণ, উচ্চ আদালতের সিদ্ধান্ত ও ফৌজদারি কার্যবিধির সঙ্গে সাংঘর্ষিক।

ওই আবেদনের কপি বিকেল সাড়ে চারটার দিকে পেয়েছেন বলে জানিয়েছেন ড. ইউনূসসহ চারজনের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আসলে আবেদনটি করা হয়েছে হয়রানি করার জন্য। শ্রম আপিল ট্রাইব্যুনালে যখন ড. ইউনূসসহ চারজনের আপিল আবেদন করা হয়, সেখানে সাজা সাসপেন্ড চাওয়া হয়েছিল। এটি আবেদনে সুষ্পষ্টভাবে আছে। আপিল ট্রাইব্যুনালে তখন ওনারা (বাদীপক্ষের আইনজীবী) আপত্তি জানান যে সাসপেন্ডেড হবে না, স্টে হবে। উনিই (বাদীপক্ষের আইনজীবী) আপত্তি তুলেছেন, তাহলে বিষয়টি নিয়ে আবার এসে এখানে ক্রিমিনাল রিভিশন (আবেদন) করলেন।’

Scroll to Top