গত বছর পবিত্র হজ পালনের খরচ অনেক বেড়ে যায়। ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার ও প্যাকেজ-৩-এ ৩ লাখ ১৫ হাজার টাকা। বেসরকারি প্যাকেজে ছিল ৩ লাখ ৫৮ হাজার টাকা।
২০২২ সালের পর এক বছরের মাথায়ই খরচ বেড়ে যায় অনেক। সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।
বর্তমানে হজে যেতে প্রথম ধাপে ৩১ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন করতে হয়। সারা বছরই প্রাক্-নিবন্ধন করা যায়। মূল নিবন্ধনের জন্য ন্যূনতম ২ লাখ ৫ হাজার টাকা জমা দিতে হয়। বাকি টাকা পরিশোধ করতে হয় নির্ধারিত সময়ের মধ্যে।
এবার হজের খরচ কমিয়ে গত নভেম্বরে প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে হজের খরচ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ও বিশেষ প্যাকেজ ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা নির্ধারণ করেছে হাব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১ মার্চ হজের ভিসা ইস্যু শুরু হবে, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ৯ মে সৌদি আরবে হজযাত্রী যাওয়া শুরু হবে।


