পঞ্চগড়ে নিখোঁজের পর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনই হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর নিহত দুজনের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুজনের নাম টাবুল বর্মণ (৪৮) ও নূরুল ইসলাম (৪৫)। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার একটি আম বাগানে ড্রেনের মাটি খুঁড়ে কৃষক টাবুল বর্মনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার মাগুরা ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার ভগিরাম বর্মনের ছেলে।
অপর দিকে জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সাওতালের ঘাট এলাকায় করতোয়া নদী থেকে ইজিবাইকচালক নূরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নূরুল ইসলাম জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মুসলিমপুর-কাউয়াখাল এলাকায় ইয়াসিন আলীর ছেলে।





