২০২৬ বিশ্বকাপে মেক্সিকো বনাম ইংল্যান্ড দ্বৈরথ: বড় চ্যালেঞ্জ দেখছেন রুনি – DesheBideshe

২০২৬ বিশ্বকাপে মেক্সিকো বনাম ইংল্যান্ড দ্বৈরথ: বড় চ্যালেঞ্জ দেখছেন রুনি – DesheBideshe


২০২৬ বিশ্বকাপে মেক্সিকো বনাম ইংল্যান্ড দ্বৈরথ: বড় চ্যালেঞ্জ দেখছেন রুনি – DesheBideshe

মেক্সিকো সিটি, ২ জুলাই – ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছর পর বিশ্বমঞ্চে এই দুই দলের হাইভোল্টেজ দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে ফুটবলবিশ্ব।

এবারের লড়াইয়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো মেক্সিকোর ঘরের মাঠ এস্তাদিও আসতেকা স্টেডিয়াম। মেক্সিকানদের জন্য এই মাঠ এক অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত যা সফরকারী দলের জন্য বড় পরীক্ষা হতে পারে।

ম্যাচটি নিয়ে ইতোমধ্যে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি এই ম্যাচ নিয়ে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন। রুনি মনে করেন বর্তমান ইংল্যান্ড দল মেক্সিকোর তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সামর্থ্যে সেরা।

তবে তিনি মেক্সিকোর ঘরের মাঠের দর্শক ও তাদের প্রচণ্ড আবেগকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। রুনির মতে মেক্সিকানরা খেলাধুলার প্রতি অত্যন্ত আবেগপ্রবণ এবং পুরো দেশ তাদের দলের সমর্থনে যেভাবে ঝাঁপিয়ে পড়ে তা ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য একটি কঠিন মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে।

ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্টও মেক্সিকোর স্টেডিয়ামের অবিশ্বাস্য পরিবেশ নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। অন্যদিকে এস্তাদিও আসতেকা স্টেডিয়ামের সাথে ইংল্যান্ডের একটি তিক্ত স্মৃতি জড়িয়ে আছে।

১৯৮৬ সালের বিশ্বকাপে এই মাঠেই ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত হ্যান্ড অব গড এবং শতাব্দীর সেরা গোলের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংলিশরা। আগামী রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেই একই মাঠে ইতিহাস বদলানোর মিশনে নামবে থ্রি লায়ন্সরা। মাঠের শক্তিমত্তা আর গ্যালারির আবেগের এই ধ্রুপদী লড়াইয়ের দিকে এখন তাকিয়ে আছে সারা বিশ্ব।

এস এম/ ২ জুলাই ২০২৬



Scroll to Top